বাংলাদেশে সন্ত্রাসী হামলা ও সহিংসতার সতর্কবার্তা যুক্তরাজ্যের

বাংলাদেশে সন্ত্রাসী হামলা ও সহিংসতার ঝুঁকি নিয়ে সতর্ক করেছে যুক্তরাজ্য। জনাকীর্ণ স্থান, ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সমাবেশে হামলার আশঙ্কা জানানো হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন।
বাংলাদেশে সন্ত্রাসী হামলা ও সহিংসতার সতর্কবার্তা যুক্তরাজ্যের

বাংলাদেশে সন্ত্রাসী হামলা ও সহিংসতার ঝুঁকি নিয়ে সতর্ক করেছে যুক্তরাজ্য। জনাকীর্ণ স্থান, ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সমাবেশে হামলার আশঙ্কা জানানো হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন।

ঢাকা, ০৩ ডিসেম্বর, ২০২৪: বাংলাদেশে সম্ভাব্য সন্ত্রাসী হামলার ঝুঁকি নিয়ে যুক্তরাজ্যের ঢাকাস্থ হাইকমিশন সতর্কবার্তা জারি করেছে। হাইকমিশনের হালনাগাদ ভ্রমণবিষয়ক নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশে নির্বিচার সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে, যা জনাকীর্ণ স্থান, ধর্মীয় স্থাপনা এবং রাজনৈতিক সভা-সমাবেশের মতো জায়গাগুলিতে হতে পারে। এসব স্থানে ভ্রমণ বা অবস্থানের সময় নাগরিকদের অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে।

হাইকমিশন আরও জানিয়েছে, কিছু গোষ্ঠী এমন ব্যক্তিদের টার্গেট করছে, যাঁরা তাদের দৃষ্টিতে ইসলাম পরিপন্থী জীবনযাপন করেন বা মত প্রকাশ করেন। এ ধরনের ঝুঁকির বিষয়টি উল্লেখ করে হাইকমিশন পূর্বেও সতর্ক করেছে।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হাইকমিশন জানায়, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশজুড়ে সহিংসতার ঘটনা ঘটে, যেখানে বহু মানুষ হতাহত হয়েছেন। সেই সময় থেকে পরিস্থিতি অস্থির রয়েছে। রাজনৈতিক মিছিল, সভা-সমাবেশের মধ্যে সহিংসতার আশঙ্কা এখনো অব্যাহত। এগুলো অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে রূপ নিতে পারে।

বিক্ষোভ, ধর্মঘট এবং রাজনৈতিক আন্দোলনের কারণে দেশজুড়ে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটার ঝুঁকি রয়েছে। এসব ঘটনায় প্রাণহানির আশঙ্কাও করা হচ্ছে। রাজনৈতিক অস্থিরতার প্রভাব পুলিশের কর্মকাণ্ডের ওপরও পড়েছে। যুক্তরাজ্যের হাইকমিশনের মতে, কিছু থানায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। বেশিরভাগ থানা পুনরায় সচল হলেও কিছু পুলিশ সদস্য এখনো কাজে ফেরেননি।

এছাড়াও, ঢাকাসহ বিভিন্ন শহরে অপরাধী চক্র সক্রিয় রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ডাকাতি, সহিংস অপরাধ এবং ধর্ষণের ঝুঁকি নিয়েও সতর্ক করেছে ব্রিটিশ হাইকমিশন। বাংলাদেশে ভ্রমণরত নাগরিকদের অপরিচিত ব্যক্তিদের সাথে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অস্থির পরিস্থিতি বিবেচনায় হাইকমিশন নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের সময় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহ করতে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে।

তারিখ: ০৩.১২.২০২৪