চিন্ময় দাসকে গ্রেফতারের পর ইসকনের সোশ্যাল মিডিয়া পেজ-কে 'টার্গেট' সাইবার অপরাধীদের

ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারের পর বাংলাদেশে ইসকনের সোশ্যাল মিডিয়া পেজগুলো সাইবার হামলার শিকার হচ্ছে বলে অভিযোগ করেছে ইসকন বাংলাদেশ। সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং দ্রুত সুবিচারের আশা করা হচ্ছে। পাশাপাশি চিন্ময় দাসের গ্রেফতার নিয়েও তীব্র সমালোচনা চলছে।
চিন্ময় দাসকে গ্রেফতারের পর ইসকনের সোশ্যাল মিডিয়া পেজ-কে 'টার্গেট' সাইবার অপরাধীদের

ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারের পর বাংলাদেশে ইসকনের সোশ্যাল মিডিয়া পেজগুলো সাইবার হামলার শিকার হচ্ছে বলে অভিযোগ করেছে ইসকন বাংলাদেশ। সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং দ্রুত সুবিচারের আশা করা হচ্ছে। পাশাপাশি চিন্ময় দাসের গ্রেফতার নিয়েও তীব্র সমালোচনা চলছে।

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৪: ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশের সোশ্যাল মিডিয়া পেজগুলোর ওপর সাইবার হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে ইসকন বাংলাদেশের সম্পাদক চারু চন্দ্র দাস এ তথ্য জানান। তিনি দাবি করেন, বাংলাদেশের সাইবার অপরাধীরা ইসকন টিভি ঢাকা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেজগুলো টার্গেট করছে।

চারু চন্দ্র দাস জানান, ইসকন টিভি ঢাকা ফেসবুক পেজ সনাতন ধর্ম প্রচার এবং হিন্দু আধ্যাত্মিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহৃত হয়। তবে সাইবার অপরাধীরা এই পেজে বারবার হামলা চালাচ্ছে। এর পেছনে সাইবার ডিফেন্ডার বাংলাদেশ নামে একটি গ্রুপ জড়িত, যারা নিজেদের সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ হিসেবে দাবি করে। এই গ্রুপ ইতোমধ্যেই হামলার দায় স্বীকার করেছে, যা ফেসবুক পলিসির সম্পূর্ণ বিরোধী।

চারু চন্দ্র দাস আরও উল্লেখ করেন যে, ইসকন টিভি ঢাকা ছাড়াও মায়াপুর টিভি, জয়পতাকা স্বামী বাংলা এবং ইসকন ইয়ুথ ফোরাম সিলেটের পেজগুলোও একই ধরনের আক্রমণের শিকার হয়েছে। তিনি বলেন, “আমরা বিষয়টি লক্ষ্য করার পরপরই আইনি পদক্ষেপ নিয়েছি। ঢাকার সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ রেখে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সহকারী কমিশনার আমাদের আশ্বস্ত করেছেন যে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা দ্রুত সুবিচার পাওয়ার আশা করছি।”

একই সঙ্গে, ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার নিয়েও সমালোচনা করেছেন চারু চন্দ্র দাস। প্রসঙ্গত, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিন্ময় দাস ব্রহ্মচারীকে আটক করে ঢাকা মেট্রোপলিটান পুলিশের গোয়েন্দা শাখা।

মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসকে কড়া নিরাপত্তায় চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজি শরিফুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালত তাঁর জামিন আবেদন খারিজ করে তাঁকে জেলে পাঠানোর নির্দেশ দেন।

এই ঘটনার প্রেক্ষাপটে বিভিন্ন হিন্দু সংগঠন তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা দাবি করছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন বেড়েছে। সন্ন্যাসী চিন্ময় দাসের গ্রেফতার এবং ইসকনের সোশ্যাল মিডিয়া পেজগুলোর ওপর হামলার ঘটনায় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

তারিখ: ২৯.১১.২০২৪