চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ ভারতের

বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার এবং তার জামিন আবেদন নামঞ্জুরের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ ভারতের

বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার এবং তার জামিন আবেদন নামঞ্জুরের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৪: বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার এবং তার জামিন আবেদন নামঞ্জুর করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করে, যা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং জামিন আবেদন নাকচের ঘটনাটি এমন সময় ঘটেছে, যখন বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর একাধিক আক্রমণের ঘটনা ঘটছে। সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি দেবতার অবমাননা এবং মন্দিরে চুরি-ভাঙচুরের একাধিক ঘটনার কথা উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে সংখ্যালঘুদের ওপর হওয়া একাধিক হামলার বিষয়টি গভীর পর্যবেক্ষণে রেখেছে। মন্ত্রণালয় বলেছে, “দুর্ভাগ্যের বিষয় হলো, এই হামলাগুলোর পেছনে যারা জড়িত, তাদের বড় অংশকেই ছাড় দেওয়া হয়েছে। অথচ ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে সমাবেশে অংশগ্রহণ করা একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সমাবেশ করার এবং মতপ্রকাশের অধিকার সুরক্ষিত রাখার পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত। এ বিষয়ে বাংলাদেশি কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ভারত।

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে ইতোমধ্যে বাংলাদেশেও বিভিন্ন মহলে আলোচনা চলছে। আদালতে তাকে হাজির করা হলে ভক্তরা তার মুক্তির দাবিতে স্লোগান দেন। এই ঘটনায় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বেড়েছে।

ভারত এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকারকে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের ধর্মীয় এবং সাংবিধানিক অধিকারের প্রতি সম্মান জানিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

তারিখ: ২৭.১১.২০২৪