রংপুরে সনাতন জাগরণ মঞ্চের বিভাগীয় মহাসমাবেশ আজ
Categories:

আজ শুক্রবার রংপুর মহানগরীর মাহিগঞ্জ কলেজ মাঠে সনাতন জাগরণ মঞ্চের বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের ভেন্যু নিয়ে আলোচনা এবং স্থানীয় সমস্যা সমাধানে গতকাল কেন্দ্রীয় নেতারা রংপুর জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় সমাবেশস্থলের সুবিধা-অসুবিধা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে বৈঠক হয়। সন্ধ্যা পর্যন্ত নেতারা ধর্মীয় ও সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করেন।
রংপুর, ২২ নভেম্বর, ২০২৪: আজ শুক্রবার (২২ নভেম্বর) সনাতন জাগরণ মঞ্চের রংপুর বিভাগীয় মহাসমাবেশ রংপুর মহানগরীর মাহিগঞ্জ কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। বৃহস্পতি-বার দুপুরে সনাতন জাগরণ মঞ্চের কেন্দ্রীয় মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং কেন্দ্রীয় নেতারা রংপুর জেলা প্রশাসকের সঙ্গে ভেন্যু নির্ধারণ নিয়ে আলোচনার জন্য জেলা প্রশাসক কার্যালয়ে যান।
জেলা প্রশাসক তাদের সাথে সাক্ষাৎ না করে সমন্বয়কদের সাথে আলোচনা করেন। এ সময় মাহিগঞ্জ কলেজ মাঠে স্থানীয় কিছু সমস্যা উল্লেখ করে নেতারা রংপুর জিলা স্কুল মাঠ ভেন্যু হিসেবে দাবি করেন। কিন্তু জেলা প্রশাসক মাহিগঞ্জ মাঠের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন এবং পূর্বনির্ধারিত ভেন্যুতেই সমাবেশ করার অনুমতি দেন।
পরে নেতারা মাহিগঞ্জ কলেজ মাঠ পরিদর্শন করেন এবং সন্ধ্যায় তিলোত্তমা গেস্ট হাউসে গমন করেন। কেন্দ্রীয় মুখপাত্রসহ ৩৪ জন নেতাকর্মী সেখানে অবস্থান করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুপাদসহ নেতৃবৃন্দ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেন। সেখানে একটি ধর্মীয় আলোচনা সভায় অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরণ কুশল চক্রবর্তী, গিরি আশ্রমের অধ্যক্ষ ওমেশানন্দ গিরি মহারাজ, এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের স্বামী বিপ্রানন্দ জী। চিন্ময় কৃষ্ণ দাস তার বক্তব্যে সনাতন ধর্মাবলম্বীদের অধিকারের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মহাসমাবেশ উপলক্ষে মাহিগঞ্জ মাঠে ১২-১৩ হাজার মানুষের উপস্থিতির প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে মাঠ সংলগ্ন একটি মসজিদ থাকায় স্থানীয় মুসল্লিদের মধ্যে কিছু উদ্বেগ দেখা দিয়েছে। জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে।
সমাবেশ সফল করতে কেন্দ্রীয় নেতারা সক্রিয় রয়েছেন এবং রংপুর বিভাগের আটটি জেলা থেকে ইসকন অনুসারীদের যোগদানের প্রত্যাশা করা হচ্ছে। জেলা প্রশাসন তাদের জন্য ১৫টি শর্ত নির্ধারণ করেছে, যার মধ্যে ধর্মীয় উস্কানি এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ রয়েছে।
আজকের সমাবেশে নেতারা সনাতন ধর্মাবলম্বীদের ঐক্য এবং অধিকারের জন্য সংগ্রামের বার্তা দেবেন বলে আশা করা হচ্ছে।
তারিখ: ২২.১১.২০২৪